২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি হত্যা রহস্য উন্মোচন সময়ের ব্যাপার: বিমানমন্ত্রী

দুই বিদেশি নাগরিকের হত্যা রহস্য উন্মোচন `সময়ের ব্যাপার মাত্র’ বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 12:50 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

সচিবালয়ে সোমবার ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এবং ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবেরের সঙ্গে বৈঠকে মন্ত্রী একথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “রাষ্ট্রদূতদের মন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই। বিদেশি দুই নাগরিকের হত্যা রহস্য উন্মোচন সময়ের ব্যাপার মাত্র।

“সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।”

রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশে বিরাজমান ‘শান্তিপূর্ণ’ পরিস্থিতির চিত্রও তুলে ধরেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডকে দুঃখজনক মন্তব্য করে ইতালির রাষ্ট্রদূত বলেন, “তবে আমরা বাংলাদেশ সফরে আমাদের নাগরিকদের জন্য কোনো এডভাইজারি জারি করিনি। আমরা আমাদের নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে বলেছি। আমরা চাই হত্যাকাণ্ডের চলমান তদন্ত সুন্দরভাবে সমাপ্ত হোক।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানের নাগরিক কুনিও হোশি।

মন্ত্রীর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূতরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিশেষ করে ফ্রান্স ও ইতালির যৌথ মালিকানাধীন কোম্পানি এটিআর ও বাংলাদেশ বিমানের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।