বরিশালে মন্দিরে হামলার অভিযোগ ৭ যুবক আটক
বরিশালের উজিরপুরে একটি মন্দিরে হামলার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
উজিরপুর থানার এএসআই নিজাম উদ্দিন জানান,সোমবার রাতে উপজেলার পূর্ব হারতা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটে।
আটকরা হলেন- বানারীপাড়ার সৈয়দকাঠী গ্রামের মেহেদি হাসান, মাসুদ, শুভ্র, মিরাজ, বদিউর, সজিব ও হাসিব।
হারতা ইউনিয়নের চেয়ারম্যান হরেন রায়ের বরাত দিয়ে এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্দিরের জন্য চাঁদা উঠানোকে কেন্দ্র করে সোমবার দুপুরে মেহেদির সঙ্গে স্থানীয় যুবকদের তর্ক হয়। এর জেরে রাতে মেহেদিসহ ১০/১২ জন যুবক মন্দিরে হামলা চালিয়ে পালিয়ে যায়।”
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যেই বরিশালে মন্দিরে হামলার ঘটনা ঘটল।
