২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক লাঞ্ছনার অভিযোগে চাকরি গেল জাবির ছাত্রলীগ নেতার

শিক্ষকদের দাবির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশাসনিক পদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 10:39 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

গত শনিবার শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে দীপুর নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল শিক্ষক সমিতি। নিয়োগ বাতিল না করলে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির হুমকিও দেন শিক্ষকরা।

শিক্ষকদের ঘোষণার পর নির্ধারিত সময়ের আগেই সোমবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজের ক্ষমতাবলে ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করেন।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কাউকে চাকরিচ্যুত করতে হলে সাধারণত এক মাস আগে নোটিস দিতে হয়। দীপুকে আজ (১৯ অক্টোবর) চাকরি থেকে অব্যাহতির নোটিস দেওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর নিয়মানুযায়ী তার নিয়োগ বাতিল হয়ে যাবে।”

নিয়োগ বাতিলের কারণ জানতে চাইলে তিনি বলেন, “উপাচার্য তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছিল, আবার তিনিই (উপাচার্য) নিজস্ব ক্ষমতাবলে তার নিয়োগ বাতিল করেছেন।”

চলতি বছরের ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির শুরুর আগের দিনে ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য। দিপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া অন্যরা হলেন সোহেল রানা (গণশিক্ষা বিষয়ক সম্পাদক), রাজিব চক্রবর্তী (সহ সভাপতি) ও খন্দকার আজম জিন্নাহ (সহ সভাপতি)।

তাদের সবার স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া হলেও এখন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ রয়েছে।

দিপুর চাকরির নিয়োগপত্র গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গ্রহণ না করায় তিনি কাজে যোগ দিতে পারেনি।

এরপর গত ২৩ অগাস্ট উপাচার্য ওই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছিলেন।

২০১৩ সালে সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বিরোধী আন্দোলনের সময় শিক্ষকদের ওপর হামলার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিল চেয়েছিলেন শিক্ষকরা।

নিয়োগ বাতিলের ঘোষণার পর শিক্ষকদের অভিযোগের বিষয়ে জানতে দীপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে নিয়োগ বাতিল করায় উপাচার্যকে অভিনন্দন জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়াতে তাকে ধন্যবাদ জানাই। আর দাবি পূরণ হওয়ায় আমাদের ঘোষিত কর্মসূচির আর কর্যকারিতা থাকছে না।”