রিমান্ড শেষে কারাগারে ‘আরাকান আর্মির নেতা’ রেনিন
পাঁচ দিনের রিমান্ড শেষে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথিত শীর্ষ নেতা রেনিন সু’কে কারাগারে পাঠিয়েছে রাঙামাটির আদালত।
রাজস্থলী থানার ওসি ওহিদ উল্লাহ সরকার জানান, নতুন করে রিমান্ডের আবেদন না থাকায় সোমবার দুপুরে অতিরিক্ত বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালত এ আদেশ দেন।
একইসঙ্গে আগামী ২ নভেম্বর রেনিনকে আবার আদালতে হাজির করতে বলেছেন বিচারক।
ওসি ওহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে রেনিন সু’র কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাইয়ের পর প্রয়োজন হলে আবারও রিমান্ডের আবেদন করা হবে।
গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটির ইসলামপুর এলাকার একটি নির্মাণাধীন মসজিদ থেকে রেনিন সু’কে গ্রেপ্তার করা হয়।
এসময় ৪১ হাজার ১২০ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড, নেদারল্যান্ডসের একটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
১৪ অক্টোবর তাকে আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ।
চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারী রেনিন সু এক সময় নেদারল্যান্ডসে কাটিয়েছেন। গত কয়েক বছর ধরে তিনি রাজস্থলীতে বাড়ি বানিয়ে স্থানীয় এক মার্মা তরুণীকে বিয়ে করে রাঙামাটিতেই থাকছিলেন।
সেখান থেকেই তিনি আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।
এর আগে ২৪ অগাস্ট বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ টহল দলের ওপর আরাকান আর্মির হামলা ও গোলাগুলির পর রাজস্থলীতে রেনিন সু’র খোঁজ পায় পুলিশ।
দুদিন পর দুতলা ওই বাড়িতে অভিযান চালিয়ে রেনিনকে পাওয়া না গেলেও তার সহযোগী অং ওয়েন রাখাইন আটক হন। সেখানে আরাকান আর্মির তিনটি পোশাক, ওই পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা ও দুটি ঘোড়াও পাওয়া যায়।
ওই বাড়ির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
এ ঘটনায় রেনিনসহ ওই চার জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশি নাগরিক আইনে রাজস্থলী থানায় দুটি মামলা করা হয়।
এর মধ্যে আটক তিন জন রাঙামাটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
গত মাসে অং ওয়েনও আরাকান আর্মির একজন সদস্য পরিচয় দিয়ে আদালতে জবানবন্দি দেন এবং রেনিনের বিষয়ে তথ্য দেন তিনি।
