জামালপুরে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবির এক সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার সুলতান মাহমুদ (৩৫) জঙ্গি সংশ্লিষ্টতায় ১০ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে ফের জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তিনি মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোররাতে উপজেলার টুপকার চর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
“জেএমবি সদস্য সুলতান ১০ বছর তিন মাস ১২ দিন কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে ১৭ অক্টোবর বাড়িতে ফেরেন। পুনরায় জেএমবি কর্মকাণ্ডে তৎপর হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
পুলিশ কর্মকর্তা নাসিমুল জানান, এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়েরের পর সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
