২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে

কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 01:01 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

এই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ২০ হাজার টাকা। আর প্রধানমন্ত্রী ৫৮ হাজার ৬০০ টাকার বদলে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন।

এই হিসাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন ৯৬ শতাংশের বেশি বাড়ছে। আর সংসদ সদস্যদের বেতন বাড়ছে পুরোপুরি ১০০ ভাগ। 

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাদের বেতন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “নতুন বেতন কাঠামো অনুযাযী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে হারে বেতন বাড়ানো হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বেতন বৃদ্ধি হল। বেতনের সঙ্গে সঙ্গে তাদের ভাতাও বাড়ছে।”

রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে এখন এসব খসড়া পাসের জন্য সংসদে তোলা হবে। নতুন হারে বেতন কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। আর ভাতা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। 

নতুন হারে জাতীয় সংসদের স্পিকারের বেতন মাসে ৫৭ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১২ হাজার টাকা হচ্ছে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকা।

সরকারের মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং আপিল বিভাগের বিচারকদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ৫ হাজার টাকা হচ্ছে। আর হাই কোর্ট বিভাগের বিচারকদের বেতন ৪৯ হাজার থেকে বেড়ে হচ্ছে ৯৫ হাজার টাকা।

এছাড়া প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপ নেতা ও হুইপের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বেড়ে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বেড়ে ৮৬ হাজার ৫০০ টাকা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাতীয় সংসদের সদস্যরা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৫৫ হাজার টাকা, যা এতোদিন ২৭ হাজার ৫০০ টাকা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী রয়েছেন। আর মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন পাঁচজন।

এর আগে সর্বশেষ ২০০৯ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছিল।

কার ভাতা কত বাড়ল

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে তার বীমার জন্য আগে ১৫ লাখ টাকার ব্যবস্থা ছিল। আইন সংশোধনের পর তা বেড়ে ২৭ লাখ টাকা হবে।

তবে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলে আগের মতই দুই কোটি টাকা থাকবে।

প্রধানমন্ত্রী বেসরকারি বাড়িতে থাকলে প্রতিমাসে ভাড়া বাবদ পাবেন ৫০ হাজার থেকে এক লাখ টাকা।

তার বিমানভ্রমণের বীমার সীমা ১৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে গেলে প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের আকার ১ কোটি থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, স্পিকারের ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার টাকা থেকে বেড়ে ১৩ হাজার টাকা হচ্ছে।

স্পিকারের বিমানভ্রমণের বীমার সীমা ১০ লাখ টাকা থেকে বেড়ে ১৬ লাখ, দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে আড়াই হাজার এবং স্বেচ্ছাধীন তহবিল সাড়ে চার লাখ থেকে বাড়িয়ে ১১ লাখ টাকা করা হয়েছে।

প্রধান বিচারপতির ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার পাশাপাশি ‘ডোমেস্টিক এইড’ ভাতা ১ হাজার ৬২৫ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে তার খরচ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং ব্যক্তিগত বা সরকারি গাড়ি ব্যবহার না করলে ভাতার পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।

মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রধান হুইপের ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হচ্ছে।

তারা বেসরকারি বাড়িতে বসবাস করলে এতোদিন ৪৫ হাজার টাকা বাসাভাড়া পেতেন। তা বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হচ্ছে।

বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বেড়ে ৮ লাখ, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের আকার ৪ লাখ টাকা থেকে বেড়ে ১০ লাখ টাকা হচ্ছে।

মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রধান হুইপ স্বেচ্ছায় বেসরকারি বাড়িতে বসবাস করলে এখন ২৫ হাজার টাকা ভাতা পান। প্রস্তাবিত বেতনে স্বেচ্ছায় বেসরকারি বাড়িতে বসবাসকে আলাদা করা হয়নি।

মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবে আপিল বিভাগের বিচারকের ব্যয় নিয়ামক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা, ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৪৬৫ টাকা থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার টাকা, সরকারি বাসা না পেলে আবাসিক ভাতা ২৬ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে তার খরচ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সরকারি বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে ভাতার পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।

হাই কোর্ট বিভাগের বিচারকের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার, ডোমেস্টিক এইড ভাতা এক হাজার ৩০০ টাকা থেকে চার হাজার, সরকারি বাসা না পেলে আবাসিক ভাতা ২৬ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে তার খরচ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, সরকারি বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে তার ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার কথা বলেছে মন্ত্রিসভা।

এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা ও হুইপের ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বেড়ে সাড়ে সাত হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে ভাতা ৪০ হাজার থেকে ৭০ হাজার, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে ৮ লাখ, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে দুই হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের আকার ৩ লাখ বাড়িয়ে সাড়ে ৭ লাখ টাকা হচ্ছে।

উপমন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে ভাতা ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বেড়ে ৮ লাখ, দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে ৫ লাখ টাকা হচ্ছে।

আর সংসদ সদস্যদের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, বিমানভ্রমণে বীমার সীমা আগের মতই ১০ লাখ টাকা (দুর্ঘটনায় মৃত্যু বা পঙ্গুত্ববরণের ক্ষেত্রে), দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭৫০ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হচ্ছে।

সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার খারচ বাবদ মাসিক ভাতা সাড়ে ৭ হাজার টাকা থেকে বেড়ে সাড়ে ১২ হাজার টাকা হচ্ছে। প্রতিমাসে তাদের পরিবহন ভাতা হবে ৭০ হাজার টাকা, আগে যা ৪০ হাজার টাকা ছিল।

আইন পাস হলে সাংসদরা বছরে অভ্যন্তরীণ ভ্রমণ বাবদ ৭৫ হাজারের বদলে এক লাখ ২০ হাজার টাকা।মাসিক লন্ড্রি ভাতা এক হাজার থেকে বেড়ে দেড় হাজার টাকা হবে। এছাড়া ক্রোকারিজ ভাতা ৪ হাজার টাকা থেকে বেড়ে ৬ হাজার টাকা হবে।

মোশাররাফ হোসাইন বলেন, “আইন সংশোধন করে শুধু টাকার পরিমাণ সংশোধন হয়েছে, আইনের অন্য মূল ভাষ্যে পরিবর্তন করা হয়নি।”

বিরোধীদলের নেতা ও প্রধান হুইপ মন্ত্রীর সমান এবং বিরোধীদলীয় উপনেতা ও হুইপ প্রতিমন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পান বলে তাদের বেতন-ভাতা পরিবর্তনের জন্য বিধিমালা সংশোধনের প্রয়োজন হয়নি বলেও জানান তিনি।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “সরকারের চাকুরেদের সংখ্যা বেশি বলে আগে তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। পরে সাংবিধানিক পদে যারা রয়েছেন তাদের বেতন-ভাতা বাড়ানো হল।”

তিনি জানান, ২০১১ সালে সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা পুনঃনির্ধারণ করা হলেও তখন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের দৈনিক ভাতা বাড়ানো হয়নি। এখন সেই ভাতাও পুননির্ধারণ করা হচ্ছে।