ষষ্ঠীপূজায় শুরু শারদীয় দুর্গোৎসব
বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ‘আনন্দময়ী’ দেবী দুর্গার আগমনী গানে মুখরিত এখন চারদিক।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসবের। অবশ্য এবার নবমী ও বিজয়া দশমীর তিথি পড়েছে একই দিনে।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।
এ বছর দেবী দুর্গা শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে আসছেন ঘোড়ায় চড়ে। আর ফিরে যাবেন দোলায় চেপে।
বলা হয়, দেবীর এমন আগমনের ফল হল পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ, শোক ও হানাহানি; আর দোলায় চেপে তার বিদায়ের অর্থ হল মড়ক।
রোববার মণ্ডপে মণ্ডপে হয়েছে বোধন, বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আর সোমবার ষষ্ঠী তিথিতে বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা।
মঙ্গলবার মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ‘প্রাণ প্রতিষ্ঠা’ করা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। বুধবার মহাষ্টমী ও কুমারী পূজা।
বৃহস্পতিবার একই দিন মহানবমী ও বিজয়া দশমীর তিথি পড়লেও শুক্রবার বিজয়া শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। একটি বছরের জন্য কৈলাসে দেবালয়ে ফিরে যাবেন ‘দুর্গতিনাশিনী’ দেবী।
দুর্গোৎসব চলাকালে পূজা মণ্ডপগুলোতে প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি হবে। এছাড়া আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার পূজার সরকারি ছুটি ২২ অক্টোবর।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২২২টি।
হিন্দুদের সবচেয়ে বড় এ উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। ঢাকার মণ্ডপগুলোতে এবার ৬ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
