২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় পুনরায় সতর্কতা জারির পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 12:16 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সবকিছু তো ভালোই চলছে।”

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করার মধ্যে গত মাসের শেষে এবং এই মাসের শুরুতে বাংলাদেশে দুই বিদেশি খুন হন।

এরপর শনিবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হামলার শঙ্কা প্রকাশ করে সে দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্ক করে নতুন করে বার্তা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের ডেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সরকার পুরো ব্যবস্থাকে পুনর্মূল্যায়ন করে নিরাপত্তা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন সতর্ক বার্তায়ও সরকারের নিরাপত্তা পদক্ষেপকে ‘নজিরবিহীন’ বলার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

শাহরিয়ার বলেন, “গৃহীত সব পদক্ষেপের বিষয়ে কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে এবং এখানে অতিপ্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ নেই।”

বাংলাদেশে বিদেশিদের আশা-যাওয়ার ধরন গতবছরের এই সময়ে যেমন ছিল, এবারও তেমনই আছে বলেও জানান তিনি।

আগামী ১২ ও ১৩ অক্টোবর জেনেভায় ‘ন্যানসেন ইনিশিয়েটিভ’ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে পরারষ্ট্র সচিব মো. শহিদুল হকও ছিলেন।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিশ্বময় অভিবাসী সঙ্কটের সুরাহা এবং প্রতিকার ও পুনর্বাসনের পথ খুঁজতে নেওয়া ‘নেলসন ইনিশিয়েটিভের’ উদ্যোক্তা নয়টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি।

বৈঠকে ‘জলবায়ু উদ্বাস্তুদের’ নিরাপত্তা নিশ্চিতে বেশ কয়েকটি প্রস্তাব উঠে এসেছে, যা ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।

জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসনের বিষয়ে বাংলাদেশ বিশ্বে বরাবরই পথপ্রদর্শকের ভূমিকা রয়েছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, আগামী বছরডিসেম্বরে ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভলপমেন্টের (জিএফএমডি) সম্মেলন আনুষ্ঠিত হবে।