কক্সবাজারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
কক্সবাজার সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মৃত রমিজ উদ্দিন (৫) চকরিয়া উপজেলার পূর্ব কাকারার পাহাড়তলী এলাকার রফিক উদ্দিনের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে ওই শিশুর মৃত্যু হয় বলে জানান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার আচার্য।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
শিশুর বাবা রফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গর্তে পড়ে আহত হয় রমিজ। তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
“রোববার বিকালে আমার ছেলেকে একটি ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল। কিন্তু সুমি খাতুন নামে এক নার্স সকালেই তাকে ওই ইঞ্জেকশন পুশ করে। এর পরপরই ছেলে মারা যায়।”
রতন কুমার বলেন, ওই শিশুর বাবার লিখিত অভিযোগের পর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এ কমিটি তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিবে।
