ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যা চালিয়ে রোগীকে সুস্থ করে তোলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশার বংশ বিস্তার সম্পর্কে সচেতন ও সতর্ক হলে বাংলাদেশ থেকে ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দাদের সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
“এখানকার অধিকাংশ বাসাবাড়িতেই ফুলের টব থাকে। ফুলের টবে, কৌটায় ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী মশা জন্ম নেয়।”
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জ্বর হলেই তড়িঘড়ি অ্যান্টিবায়োটিক খেতে মানা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়ার পাশাপাশি মাথায় পানি দিতে হবে, তরল খাবার খাওয়াতে হবে।”
ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশের মানুষ কখনও পরাজয় স্বীকার করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ আজকে পোলিও মুক্ত হয়েছে, ম্যালেরিয়া প্রায় চলে গেছে। ইবোলাও ঢুকতে পারেনি। এ ধারাবাহিকতায় বাংলাদেশকে পরিপূর্ণভাবে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।”
অনুষ্ঠানে উত্তরের মেয়র আনিসুল হক বলেন, “১০ বছর আগেও বাংলাদেশে ডেঙ্গু জ্বর নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করত। ক্যান্সার হলে মানুষ ধীরে ধীরে মরে, ডেঙ্গু হলে ৪/৫ দিনের মধ্যে মরে যায়- এ ধরনের ধারনা ও অভিজ্ঞতা ছিল। কিন্তু ডেঙ্গু এখন আর কোনো আতঙ্কের বিষয় নয়।
“সিটি করপোরেশনের লোকজন নিরলসভাবে মশা নিধন করে চলছেন।”
অতিথিদের বক্তব্যের পর গুলশান ইয়্যুথ ক্লাব মাঠ থেকে ডেঙ্গু সচেতনতামূলক একটি শোভাযাত্রার বের হয়। স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহ, উত্তরের ওয়ার্ড কাউন্সলররাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোভযাত্রায় অংশ নেয়।
