২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে অপহরণের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুদিন আগে অপহৃত এক শিশুর লাশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 03:20 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

নিহত ইয়ানুর শাহরিয়ার বাসিম (৭) শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ইসলামপুর কিন্ডারগার্টেনের শিশু শ্রেণিতে পড়ত।

গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চক্রবর্তী জানান, রোববার সকালে ওই গ্রামের ধানক্ষেত থেকে বাসিমের লাশ উদ্ধার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে শিশুটিকে অপহরণের পর শনিবার রাতে স্থানীয় মাহফুজার রহমান সাথী (২৫) ও মিনহাজুল ইসলামকে (২০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তাদের তথ্যের ভিত্তিতেই লাশ উদ্ধার হয়।

ঘটনার দিন বিকালেই অপহৃত শিশুর বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, বিকাল ৫টার দিকে বটতলা মাঠে খেলার সময় বাসিমকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে একটি চিরকুট রেখে যায় অপহরণকারীরা।

এসআই কল্যাণ বলেন, শিশুটির গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে।

“নিহতের শরীরে কোনও আঘাতের চিহৃ ছিল না”

শিশুর লামের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।