২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মুক্তিপণের ভাগ নিয়ে গোলাগুলি: নিহত ২ সন্ত্রাসী

অপহরণের পর আদায় করা মুক্তিপণের অর্থের ভাগবাটোয়ারা নিয়ে কক্সবাজার শহরে সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে দুজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 03:02 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

রোববার দুপুর ২টার দিকে শহরের বাদশা ঘোনা এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন।

নিহতরা হলেন- বাদশা ঘোনা এলাকার মৃত বখতিয়ার আহমদের ছেলে নুরুল আলম (৪৫) ও একই এলাকার মো. শফি ওরফে ফকির বুড়ার ছেলে মো. কালু ওরফে বার্মাইয়া (২৬)।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে বাদশা ঘোনা এলাকায় মুক্তিপণের টাকার ভাগ-বাটোয়ারার নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়।

“সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।”

এসময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি গুলির খোসা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই পুলিশ কর্মকর্তা জানান, কক্সবাজার শহরের পাহাড়ী এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে কারাবন্দি সন্ত্রাসী হাসনাতের সহযোগী রমজান, আরেক গ্রুপে কারাবন্দি রকির সহযোগী রানা। নুরুল হাসনাতের পক্ষে এবং কালু রকির পক্ষে কাজ করত।

“নুরুল আলমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগসহ ১৮টি এবং কালুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতির অভিযোগসহ চারটি মামলা রয়েছে।”

নিহতদের তাদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আসলাম জানান, ১৩ অক্টোবর সন্ধ্যায় শহরের জেলগেইট এলাকা থেকে খায়রুল আমিন নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরদিন ভোরে পুলিশ তাকে উদ্ধার করলেও এর মধ্যে বিকাশ করে তার মুক্তিপণ বাবদ দুই লাখ ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে দেয় স্বজনরা।

পরে বৃহস্পতিবার শহরের রুমালিয়ার ছড়া থেকে হাজীপাড়া এলাকার বিকাশ এজেন্ট ছৈয়দ করিমকে আটক করে সদর থানায় দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত শুক্রবারও শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার সমিতি বাজার এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হন।

এঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে।