২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতনকারীদের বিচার হবেই: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে বাংলাদেশকে ‘প্রত্যেক শিশুর নিরাপদ আবাস’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 01:11 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতনের কয়েকটি ঘটনা তুলে ধরে তিনি বলেছেন, “যারা শিশুদের ওপর নির্যাতন করে বা শিশুদের হত্যা করে তাদের বিচার আমরা করবোই ইনশাল্লাহ। তারা ছাড়া পাবে না।”

১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল, শিশু বয়সেই ঘাতকের বুলেটে যার মৃত্যু হয়েছিল।

তার জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমার খুব খারাপ লাগে যখন দেখি, আমাদের দেশে শিশুদের বাড়িতে নির্যাতন করা হয়। আমি ঠিক জানি না, বুঝি না, এরা কি মানুষ?

“একটা ছোট্ট শিশুকে নিয়ে আসে কাজ করাতে। আর তার ওপর অত্যাচার করে, মারধর করে। নিজের যে সন্তান, নিজের যে শিশু, তাদের কথা মনে করে না?”

সম্প্রতি বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতন করে গ্রেপ্তার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন ও তার স্ত্রী। এছাড়া আরও কয়েকটি ঘটনা সংবাদপত্রের শিরোনাম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “একটা বাচ্চা.. গরিব ঘরে জন্ম হওয়া- সেটাই কি তার অপরাধ? সেও তো মানুষ। তারও তো অধিকার আছে।”

গৃহকর্মী নির্যাতন ছাড়াও সম্প্রতি সিলেটে পিটিয়ে এবং খুলনায় পৈশাচিক কায়দায় দুই শিশুকে হত্যার ঘটনা সারা দেশে আলোড়ন তোলে।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে দেখি, একটা ঘটনা ঘটে… সে ঘটনা এরপর ব্যাপকহারে ঘটার একটা প্রবণতা। ঠিক জানি না, এটা বাংলাদেশের মানুষের চরিত্রের কোনো একটা দিক কি না।”

এ ধরনের ঘটনার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

“আমি একটা আহ্বান জানাব দেশবাসীকে, এই ভাবে, এই ধরনের ঘটনা কেউ যেন না ঘটায়। কেউ যেন এই ধরনের মানবতাবিরোধী কাজ না করে।”

সমাজের অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ দেওয়া হলে এই শিশুরাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

“আমরা বাংলাদেশকে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চাই,” বলেন প্রধানমন্ত্রী।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা তার ছোট ভাইয়ের স্মৃতিচারণ করেন।

তিনি থেমে থেমে বলেন, “আজ রাসেলের জন্মদিন। এই দিনেই আলো করে এসেছিলো, আমার ছোট্ট ভাইটি। আমরা পাঁচ ভাই-বোন। সবচেয়ে ছোট রাসেল। রাসেল আমাদের নয়নের মনি ছিল।

“রাসেল এখন বেঁচে থাকলে ৫১ বছর বয়সের হতো। চিন্তা করি, কেমন হতো দেখতে সে…।”

ছেলেবেলায় দেখা বাবা শেখ মুজিবুর রহমানের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়।

“আমরা জন্মের পর থেকে শুনেছি, আমার বাবা জেলে। রাসেলের ভাগ্যেরও পরিবর্তন হয়নি।… রাসেল যখন দেড় বছরের, ৬৬ সালের মে মাসে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়।… রাসেল কিছু বুঝত না। আধো আধো কথা বলত। বাবাকে খুঁজে বেড়াত।

সেসব দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন,  “জেলখানায় যেদিন আব্বার সাথে দেখা করতে যেতাম, রাসেল ফিরতেই চাইত না। যেদিন দেখা করে আসতাম, সেদিন রাতে হয়ত ঘুমাতোই না। আবার অনেকদিন মাঝরাতে ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিত। আমি, কামাল, রেহানাসহ সকলে তাকে ঘিরে বসে থাকতাম।”

মুক্তিযুদ্ধ চলাকালে বন্দিদশার কথাও অনুষ্ঠানে বলেন বঙ্গবন্ধুকন্যা হাসিনা।

“রাসেল খুব চাপা স্বভাবের ছিল। কাঁদলে জিজ্ঞেস করলে বলত, ‘কাঁদছি না, পানি পড়ছে’।”

বলতে বলতে বাষ্পরুদ্ধ হয়ে আসে বড় বোনের কণ্ঠ।

“৭০ এর ফেব্রুয়ারি থেকে ৭১ এর মার্চ রাসেল প্রথম পিতৃস্নেহ পেল। সব সময় আব্বার পাশে পাশে থাকত। আব্বা যখন বাসায় কাজ করত, তখন মাঝে মাঝে ছুটে যেত।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি এখনো বুঝে পাই না, কী অপরাধ ছিল?” 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শিশু রাসেলকেও হত্যা করে ঘাতকরা। সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত ১১ বছরের রাসেল।

দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান রাসেলের দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

“এই বেঁচে থাকাটা যে কত কষ্টের, তা ভাষায় প্রকাশ করতে পারব না… কী নিষ্ঠুর, নির্মম এই হত্যাকাণ্ড,” বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমি আমার ছোট ভাইটিকে হারিয়েছি। কিন্তু চাই প্রতিটি শিশুর জীবন যেন নিরাপদ হয়। যে অকালেই ঝরে গেছে… ফুল ফোটার আগেই যে শিশু ঘাতকের গুলির আঘাতে ঝরে গেছে।”

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের প্রধানমন্ত্রী বলেন, “তোমরা সবাই আমার কাছে এক একজন ছোট্ট রাসেল।”

বিশ্ব সভায় বাংলাদেশের প্রশংসা ধরে রাখতে শিশুদের ‘উপযুক্ত নাগরিক’ হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। সেই সঙ্গে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তাগিদ দেন।

পরে তিনি রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, মোজাহিদুর রহমান, কে এম শহীদুল্লাহ এবং মুজিবুর রহমান হাওলাদার বক্তব্য দেন।

শিশু-কিশোরদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেয় আতিকা সাইয়ারা।