২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে জুতা কারখানায় আগুনে ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার বংশালের সিদ্দিকবাজারে একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 09:01 AM

Updated : 22 Aug 2022, 01:33 PM

শনিবার রাত সাড়ে ৩টার দিকে মতিসরদার রোডে ‘ম্যাক্সিমাস শু’ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বংশাল থানার পরিদর্শক মো. নাসির জানান, রাতে কারখানায় কাজ চলার সময় বিদ্যুতিক গোলযোগ থেকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় রাখা কাঁচামালে আগুন ধরে যায়।

এ সময় আগুন নেভাতে গিয়ে তিন কর্মচারী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে আলাউদ্দিনের (১৯) শরীরের ৪০ শতাংশ, রবিনের (১৭) ১৮ শতাংশ এবং সুজন মিয়ার (২০) দুই পা দগ্ধ হয়েছে।

পরিদর্শক নাসির বলেন, “আগুন লাগার পর কারখানার কর্মীরাই তা নিভিয়ে ফেলেন। দগ্ধ তিনজনকে তারা হাসপাতালে নেওয়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা লোক পাঠিয়েছিলাম। তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল।”