২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

সাভারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শুক্রবার সাভার প্রাইম হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচারের পর শনিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আরিফা আক্তার (৩২) সাভারের বক্তারপুর মহল্লার হানিফ মিয়ার স্ত্রী।

তার স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে আরিফা প্রসব বেদনা নিয়ে সাভার প্রাইম হাসপাতালে ভর্তি হন। ডা. খালেদা খাতুন এ্যানি তার অস্ত্রোপচার করল একটি ছেলে সন্তানের জন্ম হয়।

মৃতের ভাই মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে আরিফার পেটে ব্যথা ও খিঁচুনি হয়ে রক্তক্ষরণ শুরু হয়।  রাতে তাকে এনাম মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

‘রক্তনালী কেটে ফেলায় প্রসূতির মৃত্যু হয়েছে’ বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন দাবি করে তিনি বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ তার শরীরে ৮ ব্যাগ রক্তও দেয়।”

এদিকে প্রাইম হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমজাদুল হক জানান, গাইনি কনসালটেন্ট ডা. ফারজানা আফসুরতকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপর দুই সদস্য হলেন- মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উম্মত ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. মো. সরোয়ার।

আমজাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”

প্রসূতি মৃত্যুর বিষয়ে জানতে সাভার প্রাইম হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মৃত প্রসূতির পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন অব সাভারের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য কোনও কথা বলতে রাজি হননি।