পুলিশের বাধায় বাম মোর্চার মিছিল পণ্ড
মানিকগঞ্জে গণতান্ত্রিক বাম মোর্চার মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মিছিলে পুলিশের লাঠিপেটায় ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
গণতান্ত্রিক বাম মোর্চার মানিকগঞ্জের সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম বাবু জানান, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৬-১৮ অক্টোবর সুন্দরবন অভিমুখে রোডমার্চের ডাক দেয় সংগঠনটি।
“বিকাল ৩টার দিকে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পাঁচ শতাধিক নেতা-কর্মী জড়ো হন। পরে তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে।”
লাঠিপেটায় বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী সাইফুল হকসহ ১০ জন আহত হন বলে জানান তিনি।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, সংগঠনটির সমাবেশ ও মিছিল করার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ কারণে মিছিলে বাধা দেওয়া হয়েছে।
