২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী জাপা কার্যালয়ে তালা

নেতৃত্ব নিয়ে নোয়াখালী জেলা জাতীয় পার্টি বিরোধে জড়িয়ে পড়েছে। এর জেরে গত দুদিন ধরে জেলা কার্যালয়ে তালা ঝুলছে।

আবু নাসের মঞ্জু

 নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 09:36 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

সর্বশেষ বৃহস্পতিবার একটি মানববন্ধনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে, কোন পক্ষ দলের কার্যালয়ে তালা দিয়েছে তা কেউ স্বীকার করছে না। আবার কেউ খুলে দেওয়ার উদ্যোগও নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একাধিক নোতকর্মী জানান, ২০১০ সালে সম্মেলনের মধ্য দিয়ে সালাহ উদ্দিন আহমেদকে সভাপতি ও মোবারক হোসেন আজাদকে সাধারণ সম্পাদক করে দলের জেলা কমিটি গঠন করা হয়।

একই বছর ২০ ডিসেম্বের জেলায় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের জনসভাকে কেন্দ্র করে দলের কর্মকাণ্ডে কিছুটা গতি আসে।

জেলা জাতীয় পার্টির নেতা মোসাদ্দেকুর রহমান জানান, কয়েকবছর এভাবে চলার পর দলীয় কর্মকাণ্ডে গতি আনতে দেড় বছর আগে আলী আকবরকে আহবায়ক ও অহিদ উদ্দিন মুকুলকে সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়।

“তবে, বেঁধে দেওয়া তিন মাস সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হয় ওই কমিটি, যার কারণে গত ২ সেপ্টেম্বর দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ওই কমিটি বিলুপ্ত করে সালাহ উদ্দিন আহমেদকে আহবায়ক ও ফজলুল করিম বাচ্চুকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করেন।”

আলী আকবর, জিয়া উদ্দিন আহমেদ তোহা ও মোসলেহ উদ্দিনকে ওই কমিটির যুগ্ম আহবায়ক করা হয় বলে জানান তিনি।

দলের নোয়াখালী পৌর আহবায়ক রফিক উল্যাহ্ বলেন, নতুন কমিটির সদস্য সচিব ফজলুল করিম বাচ্চুকে সবাই মেনে নিতে না পারায় দুপক্ষের বিরোধের সৃষ্টি হয়।

এনিয়ে দুপক্ষের মধ্যে বুধবার রাতে জেলা কার্যালয়ে বাকবিতণ্ডা ও চেয়ারার ছোড়াছোড়ির ঘটনা ঘটে বলে জানান তিনি।

বৃহস্পতিবারও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রফিক উল্যাহ্র নেতৃত্বে কয়েকজন কর্মী জেলা কার্যালয়ের সামনের সড়কে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করার উদ্দেশ্যে জড়ো হলে অপর পক্ষ তাদেরকে বাধা দেয়।

ওই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মানববন্ধনে নেতৃত্বদানকারী নোয়াখালী পৌর জাতীয় পার্টির আহবায়ক রফিক উল্যাহ্ বলেন, “জাতীয় পার্টি নামধারী একদল উশৃঙ্খল কর্মী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়।”

এ ব্যপারে নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ তোহা বলেন, বিগত কমিটির কোনো কার্যক্রম না থাকায় পার্টির চেয়ারম্যান কর্তৃক নতুন কমিটি গঠনের পর আগের কমিটির কোনো অস্তিত্ব নেই।

এরপরও কয়েকজন উশৃঙ্খল কর্মী মূল নেতৃত্বকে না জানিয়ে কর্মসূচি দেওয়ায় সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে বিতর্কিত কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

সংঘর্ষের ব্যাপারে সুধারাম থানার টিএসআই লিটন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানববন্ধন নিয়ে দুপক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে আরও সংঘর্ষের আশংকায় দলের জেলা কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।