পাঁচদিনের লালন স্মরণোৎসব শুরু শুক্রবার
বাউল সাধক লালন শাহর মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন উৎসব।
শুক্রবার রাতে এ উৎসবের উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, প্রতিবারের মতো এবারও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করেছে।
পাঁচ দিনের এই আয়োজনের মধ্যে লালনের স্মৃতিচারণ, লালন মেলা ও লালন গীতির আসর রয়েছে বলে জানান তিনি।
লালন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে উৎসবে যোগ দিতে লালন ভক্তরা আসতে শুরু করেছেন। লালন আখড়া বাড়িতে আসা বাউল-সাধুরা একাডেমি ভবনের নিচ তলাসহ মূল মঞ্চের আশপাশে অবস্থান নিয়েছেন।
৪-৫ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে একতারা-দোতারা, ঢাক-ঢোল পিটিয়ে লালনের গানে সুর তুলছেন বাউল সাধুরা।
