২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড ইউনিয়নের নিবন্ধন না দেওয়ার অভিযোগ

‘অযৌক্তিক কারণে’ তৈতি পোশাক কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়নের নিবন্ধন আবেদন ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস প্রত্যাখান করছে বলে অভিযোগ করেছে একটি শ্রমিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।

রাজধানীর সেগুনবাগিচাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি স্মৃতি আক্তার এ অভিযোগ করেন।  

এ সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাথী আক্তার উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে রাজধানীর মগবাজারে অবস্থিত ঢাকা ডাইং নামের একটি তৈরি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিকও উপস্থিত ছিলেন।

এই কারখানার শ্রমিকদের ইউনিয়ন নিবন্ধনের আবেদন ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস দুইবার প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করা হয়।

তৃতীয়বার তারা আবেদন করে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান স্মৃতি আক্তার। 

সংবাদ সম্মেলনে স্মৃতি আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বাবুল আক্তার।  

বাবুল আক্তার বলেন, “বর্তমানে যিনি ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস পদে নিযুক্ত আছেন, তার নিয়োগ পাওয়ার পর থেকে ইউনিয়নের নিবন্ধন দেওয়া অনেক কমে গেছে। অধিকাংশ ইউনিয়ন যথাযথভাবে গঠিত হওয়ার পরও আমিনুল হক নামের এই কর্মকর্তা অযৌক্তিক কারণে নিবন্ধন আবেদন প্রত্যাখান করছে।”

স্মৃতি আক্তারকে ঢাকা ডাইংয়ের ইউনিয়ন নিবন্ধনের আবেদন প্রত্যাহারের জন্য ওই কর্মকর্তা ২০ হাজার টাকা ঘুষ দিতে চেয়েছেন বলেও অভিযোগ করেন বাবুল আক্তার।

তবে এই স্মৃতি আক্তারের সংগঠনের ব্যানারে অপর দুটি কারখানার ইউনিয়নের নিবন্ধন দিয়েছে বলে জানান তিনি।

একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল হাসান বলেন, “আমার সংগঠনের ১৯টি ইউনিয়নের নিবন্ধন পেয়েছি। আর ৬টি সংগঠনের নিবন্ধন দেননি ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস। এজন্য আমার কাছে ঘুষ দাবি করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে ৭ অক্টোবর পর্যন্ত সারাদেশের তৈরি পোশাক শিল্পে ৩২৫টি ট্রেড ইউনিয়ন নিবন্ধন পেয়েছে। আর এ সময়ে সারা দেশে ১৪৮টি আবেদন প্রত্যাখান করেছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। এরমধ্যে ঢাকা বিভাগে প্রত্যাখান হয়েছে ৪৮টি।

ঢাকা বিভাগের রেজিস্টার অব ট্রেড ইউনিয়নস আমিনুল হকের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।