পরীক্ষার প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টা, দণ্ডিত ৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রের বাইরের পাঠানোর চেষ্টার অভিযোগে ঝিনাইদহে চার পরীক্ষার্থীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সদরের মসিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাদে রহমত জানান।
দণ্ডিতরা হলেন বেল্লাল হোসেন, আজমা খাতুন, হালিমা খাতুন ও নাসরিন নাহার।
ম্যাজিস্ট্রেট নিজাদে রহমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ পরীক্ষায় তিনি মসিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন।
পরীক্ষা চলাকালে চার শিক্ষার্থী প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টা করলে তিনি তাদের ধরে ফেলেন বলে জানান।
“পরীক্ষা শেষ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।”
প্রত্যেকে জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন বলেও জানান তিনি।
