রাজধানীতে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীণ ভবন থেকে পড়ে গিয়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এরা হলেন- নির্মাণশ্রমিক এনামুল হক (২৫) ও ওয়ার্কশপের কর্মচারী রাসেল (২০)। এনামুলের বাড়ি গাইবান্ধায়, রাসেলের পাবনার সাঁথিয়ায়।
শুক্রবার দুপুরের আগে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ও মিরপুরের রূপনগরে দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নাজিম উদ্দিন রোডে একটি নির্মাণাধীণ ভবনের কাজ করার সময় তৃতীয় তলা থেকে এনামুল পড়ে মারা যান।
আর বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরে ‘প্রিন্টেক সলিউশন’ নামে একটি ওয়ার্কশপে কাজ করার সময় রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান তিনি।
মোজাম্মেল বলেন, “গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
