রাজধানীর স্বাস্থ্যসেবায় ১ শতাংশ দিচ্ছে সরকারি খাত!
রাজধানীর স্বাস্থ্যসেবার মাত্র ১ শতাংশ সেবা সরকারি খাত দিয়ে থাকে বলে এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহাখালীর আইসিডিডিআর,বিতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান ওই গবেষণা কাজের প্রধান গবেষক অ্যালেন এম অ্যাডামস।
আইসিডিডিআরবি,র ‘দ্যা সেন্টার ফর ইকুইটি অ্যান্ড হেলথ সিস্টেমস’ এই গবেষণা পরিচালনা করে। এর নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সমাজবিজ্ঞানী অ্যাডামস।
এই প্রতিবেদন অনুযায়ী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ১ শতাংশ সরকার করে থাকে। ৫ শতাংশের ব্যবস্থাপনায় রয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন (এনজিও) এবং বাকি ৯৪ শতাংশ সেবা দিয়ে থাকে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান।
গবেষণায় ঢাকার দুই সিটির স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি ম্যাপও তৈরি করা হয়।
ঢাকার দুই সিটি করপোরেশন এবং রাজশাহী, নারায়গঞ্জ ও সিলেট শহরের কোথায় কোন স্বাস্থ্য সেবা পাওয়া যাবে, তা চিহ্নিত করা হয়েছে এই ম্যাপে।
প্রায় ৮০ জন কর্মীর ১৩ মাস গবেষণা করে এ ফলাফল তুলে এনেছে বলে জানানো হয়েছে।
গবেষণায় স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে ১৬৬টি হাসপাতাল, ৫৭৭টি ক্লিনিক, ২৭৪টি ডায়গনস্টিক সেন্টার, ১৭৭৯টি চিকিৎসকের চেম্বার, ৩৪৫৮টি ফার্মেসির সঙ্গে যুক্ত চিকিৎসকের চেম্বার, ২০৮টি চশমার দোকানের সঙ্গে যুক্ত চিকিৎসকের চেম্বার, ১০২টি ডেলিভারি সেন্টার, ১২টি ব্লাড ব্যাংক, ৫১৮৩টি ফার্মেসি, ২৯১টি অপটিকাল সেন্টার, ৪০টি ড্রপ ইন সেন্টার এবং ১০৬টি ট্রাডিশনাল স্পিরিচুয়াল প্রাকটিশনারকে দেখানো হয়েছে।
এর বাইরে ৫৩০টি স্যাটেলাইট ক্লিনিক এবং ৮৩ ইপিআই সেন্টারের কথাও গবেষণায় বলা হয়েছে।
তবে স্বাস্থ্যসেবা প্রদানের শতাংশের হিসাবে বাদ রাখা হয়েছে ফার্মেসি, অপটিক শপ ও স্যাটেলাইট ক্লিনিককে।
ফলাফলে বলা হয়, দুই সিটি কর্পোরেশনের ৫৪৪৫ জন চিকিৎকের চেম্বারের মধ্যে ১০ জনের ডিগ্রি সম্পর্কে জানা যায়নি।
ঢাকা উত্তরে ২১৬৪টি চেম্বারের চিকিৎসকের এমবিবিএস, বিএইচএমএস, বিইউএমএস বা বিএএমএস-র মতো প্রাতিষ্ঠানিক ডিগ্রি রয়েছে। বাকি ১০০৪ জন চিকিৎসকের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই। ঢাকা দক্ষিণে ১৫১৪টি চেম্বারের চিকিৎসকের প্রাতিষ্ঠানিক ডিগ্রি রয়েছে। বাকি ৭৫৩টি চেম্বারের চিকিৎসকের তা নেই।
গবেষণা ফলাফল প্রকাশ আনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক জন ক্লেমন, উপ-নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া উপস্থিত ছিলেন।
