২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত চায় টিআইবি

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প নিয়ে পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 01:12 AM

Updated : 25 Apr 2022, 02:00 PM

জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২১ সামনে রেখে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ওই প্রকল্প নিয়ে সরকারের সুনির্দিষ্ট ঘোষণা প্রত্যাশা করছে তারা।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে এ সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “কপ-২১ সম্মেলনে আমাদের প্রতিনিধি দল বিব্রত হোক-এটা আমরা চাই না। আমরা নিশ্চিত, প্যারিসে এ বিষয়ে আলোচনা হবে।”

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কনফারেন্স অব পার্টিজ’ বা কপ এর ২১তম সম্মেলন হবে ফ্রান্সের প্যারিসে। আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, “কার্বন নিঃসরণে নিজের দায় এড়াতে পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসছে। এখন তারা যা করছে তা হল- অপেক্ষাকৃত স্বল্পোন্নত দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিনিয়োগ।

“সম্প্রতি রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, কিন্তু সরকারের অবস্থান অনড়। এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা আসা উচিত।”

বিদ্যুৎ সংকটে থাকা বাংলাদেশ সরকার সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১১ সালে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২০১২ সালের ২৯ জানুয়ারি ভারতের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই প্রকল্পটি সম্পূর্ণ কয়লাভিত্তিক হওয়ার কথা।

এই প্রকল্প সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে চুক্তি স্বাক্ষরের পর থেকেই বিভিন্ন বাম দল ও পরিবেশবাদী সংগঠন অভিযোগ করে আসছে।

এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার। আমরা বিদ্যুৎ চাই। পাশাপাশি এটাও চাই যে, এই প্রকল্পের ফলে পরিবেশের ওপর কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার পর সরকার সুনির্দিষ্ট ঘোষণা দিক।

“পরিবেশ সংক্রান্ত প্রভাব মূল্যায়নের পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং জনগণের কাছে প্রকাশ করবে।”

তিনি বলেন, “এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের মূল্যায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য আন্তর্জাতিক এক্সপার্টদের মতামত নেওয়া যেতে পারে।”

সংবাদ সম্মেলনে টিআইবির উপ-নির্বাহী কর্মকর্তা সুমাইয়া খায়ের এবং জলবায়ু অর্থায়ন বিষয়ক জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার এম জাকির হোসাইন খান উপস্থিত ছিলেন।