ফেনীর সোনাগাজীতে এমপির কার্যালয় ভাংচুর
ফেনীর সোনাগাজীতে স্থানীয় সংসদ সদস্য রহিম উল্যার কার্যালয় ভাংচুর হয়েছে।
আওয়ামী লীগ নেতা রহিম দলের সমর্থন না পেয়ে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নির্বাচিত হন। সেই থেকে তার সমর্থক এবং আওয়ামী লীগে তার বিরোধীদের মধ্যে সংঘাত চলে আসছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় উপজেলা সদরে রহিম উল্যাহ মার্কেটে তার কার্যালয়ে ভাংচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুই পক্ষে উত্তেজনার মধ্যে সংসদ সদস্যের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করে পুলিশ।
তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দীন মোহাম্মদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাসির উদ্দিন রিপন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় আওয়ামী লীগ ও সাংসদের নেতা-কর্মীরা বাজারে অবস্থান নেওয়ায় পুলিশ ও র্যাব বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।”
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দীন মোহাম্মদ ও নাসিরকে আটক করে ফেনী নিয়ে এসেছে বলেও জানান তিনি।
ঢাকায় অবস্থানরত রহিম উল্যাহ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার ‘সিন্ডিকেট নেতা’র নির্দেশে তার কার্যালয়ে হামলা হলেও পুলিশ তার সমর্থকদেরই আটক করেছে।
স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সাজুর সঙ্গে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসিরের বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে সুফিয়ান সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং রিপন সমর্থকরা রহিম উল্যাহ ভবনের সামনে অবস্থান নেয়।
দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানের মধ্যে বিকালে উপজেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় বোমা বিস্ফোরণ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই সময় সুফিয়ান সমর্থকরা ওই ভবনের নিচে সংসদ সদস্য রহিম উল্যার ব্যক্তিগত কার্যালয় ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
