নাটোরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুকুর থেকে দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যারা মামাতো-ফুফাতো বোন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান।
মৃত তৃপ্তি (১১) উপজেলার চক গোয়াস গ্রামের আব্দুল হালিমের মেয়ে এবং পুষ্পিতা (১৩) একই গ্রামের আল মামুনের মেয়ে। তৃপ্তি উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পুষ্পিতা বাগাতিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তেন।
ওসি আমিনুর বলেন, প্যারাবাড়িয়ায় বোনের বাড়ি বেড়াতে এসে দুপুরে পুকুরে গোসল করতে নামেন তৃপ্তি। এ সময় তাকে পানিতে তলিয়ে যেতে দেখে পুষ্পিতা উদ্ধারের জন্য এগিয়ে যায়।
“পুষ্পিতা পানিতে নামলে সেও ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
