রাষ্ট্রপতির সঙ্গে কাতারের দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল মানা।
বৃহস্পতিবার বিকেলে কাতারের দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশের প্রায় আড়াই লাখ শ্রমিক কাতারে কাজ করছে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল আয়োজনে দেশটিতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রচুর জনবলের প্রয়োজন হবে। বাংলাদেশের এসব খাতে কাজ করার জন্য দক্ষ জনশক্তি রয়েছে।”
বাংলাদেশের এই জনশক্তি কাতারের উন্নয়নে কাজে লাগতে পারে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে কাতারে আরও জনশক্তি নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
বাংলাদেশ কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে আগ্রহী এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে রাষ্ট্রদূতকে জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তাকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বাণিজ্য-বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাতারের দূতের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে এই দুই মুসলিম ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় কাতারের দূত বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন।”
রাষ্ট্রদূত এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে দ্বি-পাক্ষিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
