২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশকোনায় গ্যাসের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

ঢাকার দক্ষিণখানের পূর্ব আশকোনায় বাড়িতে ‘গ্যাস লাইনের ছিদ্র থেকে’ আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 01:43 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্ব আশকোনার ওই বাড়ির গৃহকর্ত্রী রেহেনা আক্তার (৪০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে বুধবার রাত সাড়ে ৩টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বাড়ির গৃহকর্মী সখিনা বেগমের (৪২) মৃত্যু হয়।

আগুনে সখিনার শরীরের ৪০ শতাংশ এবং রেহেনার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে মোজাম্মেল হক জানান।

রেহেনা সৌদি আরব প্রবাসী আবুল কাশেমের স্ত্রী। গৃহকর্মী সখিনার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

গত ১১ অক্টোবর সকালে আশকোনার দুই তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ আরও তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। 

এরা হলেন- আবুল কাশেম ও রেহেনা আক্তারের ছেলে রেজওয়ান আহমেদ শুভ (১৬) ও তানভীর আহমেদ নিলয় (১২) এবং মেয়ে আফসানা আক্তার (১৯)।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, গ্যাসের পাইপে ছিদ্র থাকায় রাতে ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে গৃহপরিচারিকা চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়।

পুরনো খবর:

আশকোনায় গ্যাসের আগুন দগ্ধ গৃহকর্মীর মৃত্যু