২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটের আধাঘণ্টার মধ্যেই স্বর্ণালঙ্কারসহ ধরা

শরীয়তপুর শহরে থানার কাছে স্বর্ণের দোকান লুটের আধাঘণ্টার মধ্যেই ৫০ ভরি অলঙ্কারসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:13 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের সদর রোডে পালং মডেল থানার কাছে ‘প্রিয়া গিনি ঘর’ নামের দোকানে হানা দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় বলে ওসি মো. খলিলুর রহমান জানান।

ডাকাতরা দোকান মালিক মৃদুল রায়ের ছেলে শিমুল রায়কে কুপিয়ে আহতও করেছে বলে জানান তিনি।

তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এলাকার সব পুলিশদের সতর্ক করা হয়। মাত্র ২০/২৫ মিনিটের মধ্যেই পুলিশ লাইনের কাছে ছয় ডাকাত লুটের প্রায় ৫০ ভরি স্বর্ণালংকারসহ ধরা পড়ে।”

তাদের কাছ থেকে ১২টি হাতবোমা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার আংগারিয়া বাগদি বাজারের রাকিব হাওলাদার (২০), পশ্চিম চরোসুন্দির কবির সরদার (২৭), সজিব মোল্যা (২০), স্বর্ণঘোষ গ্রামের দুলাল খান (৪৫), পশ্চিম চরোসুন্দির নিজাম তালুকদার (৩২), উত্তর ভাষানচরের আবু বকর সরদার (৩৫)।