কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি ফের রিমান্ডে
মোহাম্মদপুরের কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার প্রধান আসামি কে এম জহিরুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন বুধবার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে চান।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই কুতুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলে জানান তিনি।
এর আগে গত ১১ অক্টোবর জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পায় পুলিশ। ওই রিমান্ডের মেয়াদ শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল। কৃষ্ণার স্বামী বিআরটিএর প্রকৌশল বিভাগের উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাস।
ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস পূর্বপরিচিত গুলশানের ব্রোকারেজ হাউজ হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক ব্যবসায়ী কে এম জহিরুল ইসলামকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, ৩০ মার্চ সন্ধ্যার পর সীতাংশুর ইকবাল রোডে ৩/১২ নম্বর বাড়িতে তার জন্মদিনে কেক, মিষ্টি ও মোমবাতি নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন জহিরুল। কেক কাটার পর কৌশলে সিতাংশুকে চেতনানাশক মেশানো ফলের জুস পান করিয়ে অচেতন করার পর তাকে হাতুড়ি দিয়ে পেটানোর চেষ্টা করেন জহিরুল।
এসময় কৃষ্ণা বাধা দিতে গেলে জহিরুল দুজনকেই এলোপাতাড়ি পেটান। পরে মোমবাতি থেকে কৃষ্ণার শাড়ি ও ঘরে আগুন ছড়িয়ে যায়। রাতে দগ্ধ ও আহত কৃষ্ণাকে হাসপাতালে ভর্তির করার পরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ছয়মাসের বেশি সময় পর গত ৮ অক্টোবর মামলার একমাত্র আসামি জহিরুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠায় আদালত।
শেয়ার ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিআরটিএ কর্মকর্তা সিতাংশুর বাসায় ওই হামলা হয় বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও নিহতের মামা পিন্টু বিশ্বাসের দাবি, এর পেছনে ‘অন্য কোনো কারণ’ রয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সীতাংশুর শেয়ার বাজারে আট লাখ টাকা ছিল। সেই সূত্রেই জহিরের সঙ্গে তার পরিচয় ছিল। শেয়ার বাজারের লেনদেন নিয়ে তাদের মধ্যে কোনও বিরোধ ছিল না।”
এই মামলায় মারুফ হায়দারি সোহাগ নামে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মচারীকে গ্রেপ্তার করে এক দিন রিমান্ডে নিয়েছিল পুলিশ। তার সঙ্গে প্রধান আসামির যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি। গত রোজার ঈদের আগে তিনি জামিনে মুক্তি পান।
