২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ‘সার্ক পরিবারের গর্ব’

‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সার্ক পরিবারের গর্ব’ বলেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশটির রাষ্ট্রদূত বুধবার শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করার সময় এই প্রশংসা করেন বলে  প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘ সফরে শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ ছাড়াও টেকসই উন্নয়নের জন্য এবং টেকসই ডিজিটিাল কর্মসূচি বাস্তবায়নের জন্য আইটিইউ পুরস্কারেও ভূষিত হন।

শ্রীলঙ্কার রাষ্ট্রদূত আলোচনায় প্রসঙ্গটি তোলার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি এই পুরস্কারগুলো বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন।

তাদের আলোচনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে সমস্যার সমাধানও হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং এবং জাহাজ নির্মাণ শিল্পে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।  বাংলাদেশ থেকে ওষুধ আমদানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা তুলে ধরে শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আহ্বানও জানান শেখ হাসিনা।

তিনি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে নৌ-যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমও উপস্থিত ছিলেন।