মিয়ানমার ফেরত ৯৭ জন বাড়ির পথে
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ও দেশে ফেরত আসা প্রাপ্ত বয়স্ক ৯৭ জন অভিবাসন প্রত্যাশীও বাড়ির পথে রওনা হয়েছেন।
কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানান, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
এএসপি ছত্রধর ত্রিপুরা জানান, সোমবার ১০৩ জনকে ফেরত আনার পর ওইদিন রাতেই ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষ করা হয়। এরপর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মঙ্গলবার রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে।
এদের মধ্যে ৬ জন শিশু-কিশোর থাকায় তাদের ব্যাপারে নির্দেশনা জানতে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করানো হয়। আদালত রেড ক্রিসেন্ট সোসাইটির আবেদনের প্রেক্ষিতে অভিভাবকদের কাছে হস্তান্তরের নির্দেশ দেয় বলে জানান তিনি।
তিনি বলেন, ফেরত আসা ১০৩ জন ১৭টি জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ফেরত আনাদের পাচারে জড়িত কক্সবাজারসহ ১৮টি জেলার ১০৩ জন পাচারকারী শনাক্ত করা হয়েছে।
“বাড়ির পথে রওনা হওয়া এসব লোককে নিয়ে আইওএম এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা প্রথমে নিজ নিজ থানায় যাবেন। এরপর মামলা দায়ের করে তারা বাড়ি ফিরবেন।”
সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ১০৩ জনকে দেশে ফেরত আনা হয়।
পরে চারটি বাসযোগে তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নেওয়া হয়।
এর আগে সকালে ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, আইওএমর খাদ্য, চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের সহায়তায় তাদের বাড়ি পৌঁছানো হবে।
“মঙ্গলবার রাতে অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে নিয়ে বাড়ির উদ্দশে রওনা হয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বুধবার প্রাপ্ত বয়স্ক ৯৭ জনকে আইওএমর সহায়তায় বাড়ি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।”
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
এদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্তদের ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই, ১০ অগাস্ট ও ২৫ অগাস্ট পাঁচ দফায় দেশে ফেরত আনা হয় ৬২৬ জনকে। ষষ্ঠ দফায় আনা হয় ১০৩ জনকে। মোট ৭২৯ জনকে ফেরত আনা হলো।
