স্থানীয় নির্বাচনেও সুযোগ নেই জামায়াতের
দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথ খুললেও নিবন্ধন অবৈধ হওয়ায় তাতে অংশ নেওয়ার সুযোগ থাকবে না জামায়াতে ইসলামীর, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য যে দলটিকে আদালত ‘ক্রিমিনাল দল’ বলেছে।
সোমবার নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য পাঁচটি আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। এসব আইনের একটি অধ্যাদেশ হয়ে শিগগিরই কার্যকারিতা পাচ্ছে। বাকী চারটি ভেটিংয়ের পর পাসের জন্য যাবে সংসদে।
২০১৩ সালের গত ১ অগাস্ট হাই কোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করার পর জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায় দলটি।ফলে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি।
বিএনপি-জামায়াত জোটের বয়কটের মধ্যে ওই নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।
জাতীয় নির্বাচনে অযোগ্য হলেও পরে সিটি করপোরেশন, উপজেলা ও কিছু উপ-নির্বাচনেও জামায়াত সমর্থিত অনেকে প্রার্থী হয়েছেন। জিতেও এসেছেন ডজন খানেকের বেশি।
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে দলীয় সমর্থন নিয়ে পিরোজপুর থেকে নির্বাচিত হয়েছেন।
নিবন্ধন অবৈধ রায়ের বিরুদ্ধে জামায়াত একটি আবেদন আপিল বিভাগের চেম্বার আদালতে খারিজ হওয়ার পর তা এখন পূর্ণাঙ্গ বেঞ্চে বিচারাধীন।
আপিলের ওপর শুনানির জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জামায়াতের আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “এই মামলায় জামায়াতের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশে না থাকায় মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে কোনো নির্দেশনা নেই।”
মন্ত্রিসভার সম্মতি পাওয়া পাঁচটি আইন কার্যকর হলে জামায়াত স্থানীয় নির্বাচন থেকে ছিটকে পড়বে বলে মনে করেন তিনি।
২০০৮ সালের ৪ নভেম্বর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। সংবিধানের সঙ্গে দলীয় গঠনতন্ত্র সাংঘর্ষিক হলেও তা সংশোধন করার শর্তে দলটি নিবন্ধন পায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি।
হাই কোর্টে নিবন্ধন বাতিলের পর তালিকা থেকে জামায়াতের নাম বাদ না দিয়ে নামের পাশে রায়ের বিষয়টি উল্লেখ রয়েছে।
২০১৩ সালের অগাস্টে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রাযের অনুলিপি বের হয় ওই বছরের নভেম্বরে।
রায় হাতে পাওয়ার পর সে সময় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আদালতের আদেশেই জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে।
ওইদিন শাহনেওয়াজ বলেন, “এখন আর জামায়াতের নিবন্ধন নেই। আদালতের আদেশের পরই দলটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। আপাতত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।”
