শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সম্বলিত কয়েকটি দাবি নিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
সোমবার স্মারকলিপি দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনও করে সরকার সমর্থক সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সংবাদ সম্মেলনে ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ১৯ দাবি ও দুটি সুপারিশসহ ওই স্মারললিপি উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে দেন ছাত্রলীগ নেতারা।
স্মারকলিপি নিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ছাত্রদের স্বার্থ সংরক্ষণে কাজ করতে এটাই ইতিবাচক কার্যক্রম।”
ছাত্রলীগের দাবির মধ্যে রয়েছে- হলগুলোতে মানসম্মত খাবার, শ্রেণিকক্ষ যুগোপযোগী করা, প্রজেক্টর ও কম্পিউটার ল্যাব স্থাপন, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বা কিস্তিতে ল্যাপটপ প্রদান ও বিশ্ববিদ্যালয়কে ওয়াইফাই জোনের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা, শিক্ষার্থীদের চিত্তবিনোদনের সুযোগ বৃদ্ধি , নিরাপত্তা শক্তিশালী করা এবং ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা।
ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে হলে ক্যান্টিনে দাম না দিয়ে খাওয়া এবং মাদক বিক্রির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আবিদ বলেন, “যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ভবিস্যতেও নেওয়া হবে।”
প্রিন্স বলেন, “হলের ক্যান্টিগুলো ঘুরে দেখব। যদি সংগঠনের কেউ বাকি খেয়ে টাকা না দিয়ে থাকে, তাহলে প্রথমে ওই কর্মীকে টাকা দিয়ে দেওয়ার জন্য বলা হবে, তবে না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেব।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে শহীদ মিনারের অবমাননার রোধের প্রতিকার চেয়ে একজন শিক্ষার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে প্রশ্ন করেন।
তিনি বলেন, “শহীদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই আমাদের শহীদ মিনারে চলাফেরা করতে হবে। বিষয়টিতে কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে। তবে সংগঠন পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমি নিজেও একদিন শহীদ মিনারে অবস্থারতদের বলেছিলাম।”
