গাজীপুরে খুঁটিতে বাঁধা শিশুর লাশ উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় খুঁটির সঙ্গে বাঁধা এক মেয়ে শিশুর লাশ পাওয়া গেছে, যাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।
নিহত সান্ত্বনা রবিদাস (১০) সাপমারা এলাকার নিরঞ্জন রবিদাসের মেয়ে। পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।
ওসি আরও জনান, সকাল ৮টার দিকে সান্ত্বনা পূবাইল বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাজারে যাওয়ার পথে নয়ানিপাড়ায় একটি বাঁশ ঝাড়ে গলায় ওড়না পেঁচানো এবং খুঁটির সঙ্গে বাঁধা লাশ পাওয়া যায়।
“ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে।”
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, শিশুটির গলায় দাগ রয়েছে। তবে করা ধর্ষণ হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।
