বান্দরবানে অপহরণ: উদ্ধারের দাবিতে মানববন্ধন
বান্দরবানের সীমান্ত এলাকা থেকে অপহৃত দুই পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনতে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্টস কনফেডারেশন নামে একটি সংঠন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে ওই দুই পর্যটকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
গত ৩ অক্টোবর বিকাল ৩টায় বান্দরবানের বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের নতুন পুকুর এলাকা থেকে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন মুন্না, ছাত্র আবদুল্লাহ জুবায়ের, স্থানীয় গাইড মানছাই ম্রো ও লাল রিং ছাং বমসহ ছয়জনকে অপহরণ করে একটি সশস্ত্র দল।
এদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী অভিরাং ত্রিপুরা ও মনীন্দ্র ত্রিপুরা শনিবার রাতেই ছাড়া পান।
তবে বাকি চার জনের খবর এখনও জানাতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান বলেন, “এ ঘটনাটি পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত দুঃখজনক। নিজের দেশের সীমানায় ভীনদেশের এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।”
মানববন্ধনে অপহৃত আব্দুল্লাহ জুবায়েরের ফুফাতো ভাই এম নাওয়াদ আশেকিন বলেন, “এ ঘটনার পর আট দিন পার হয়ে গেলেও আমার ভাইয়ের কোন খোঁজ নেই। সরকারের কাছে আবেদন জুবায়েরকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করুন।”
অপহৃত জাকির হোসেন মুন্নার স্ত্রী ফাতেমা তুজ জোহরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি কোথায় আছেন, কেমন আছেন এটি কেউ বলতে পারছে না। গত আট দিন থেকে তার সাথে কোন যোগাযোগ নেই। আমি জানি তিনি অনেক কষ্টে আছেন।”
“সরকারের কাছে দাবি, আমার স্বামী ও জুবায়ের ভাইকে যে কোনো মূল্যে আমাদের কাছে ফিরিয়ে দিন।”
