ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট শুরু করেছে মালিক-শ্রমিকরা।
সোমবার সকাল ৬টা থেকে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।
তবে বাস ছাড়া অন্য যানবাহনের চলাচল স্বাভাবিক দেখা গেছে সরেজমিনে।
জেলা শহরের ভাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পৈরতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম রুটে চলাচলকারী কোনো বাস ছেড়ে যায়নি।
এ কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি জানিয়ে আসছি প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না।”
তাই সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান আলমগীর মিয়া।
