শিশুর লাশ উদ্ধার, পরস্পরের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবা-মার
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ডোবা থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ওই শিশুকে হত্যা করা হয়েছে দাবি করে পরস্পরের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন তার বাবা-মা, দুই সপ্তাহ আগে যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।
মৃত মনোয়ার হোসেন উপজেলার চরখড়িবাড়ি গ্রামের খয়বর আলী ও মনিরা বেগম মনির ছেলে।
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, রোববার দুপুরে ওই গ্রামের একটি ডোবা থেকে পুলিশ মনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।
“মনোয়ারের হাতের নখে রক্তের দাগ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে তার মা ও বাবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি।”
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, শনিবার সকালে নানা আব্দুর রহীমের বাড়ি থেকে নিখোঁজ হয় মনোয়ার। রোববার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়।
“কিছুদিন আগে খয়বর আলী ও মনিরা বেগমের বিবাহ বিচ্ছেদের পর থেকে মায়ের সাথে নানা আব্দুর রহীমের বাড়িতেই থাকত মনোয়ার।”
মনোয়ারের বাবা ও নানার বাড়ি একই গ্রামে।
ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
