পাকশীতে এএসআই হত্যা: ৪ আসামি ৫ দিনের রিমান্ডে
পাবনার পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
পুলিশের আবেদনে রোববার পাবনা আমলি আদালত-২ এর বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম এই আদেশ দেন বলে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানিয়েছেন।
আসামিরা হলেন- ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামের খোকন উদ্দিন (৩০), বাঘইল গ্রামের পশ্চিম ঠাকুরপাড়ার জনি প্রামানিক (২৬), ঠাকুরপাড়া গ্রামের মাসুদ রানা (২৬) ও পাকশী বাবুপাড়ার রাজিব হোসেন সেতু।
পুলিশ কর্মকর্তা বিমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
গত ৪ অক্টোবর ‘পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের’ পেছনের একটি জঙ্গলে পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়। স্বজনরা জানায়, আগের রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
লাশ উদ্ধারের পর রাতেই ঈশ্বরদী থানার এসআই ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এরপর র্যাব ও পুলিশ পাকশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫/৬ জনকে আটক করে। তাদের মধ্যে চারজনকে গত ৮ অক্টোবর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার এম এম এ জাহিদ জানান, সুজাউলের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হয়েছে।
সুজাউল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে থাকায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।
সুজাউলের বাড়ি বগুড়া সদরের শেখপাড়া গ্রামে। তিনি ২০১৪ সালের ৯ জানুয়ারি থেকে পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত, পাকশী বাজারের একটি ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।
