ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. জসীম সদর উপজেলা চরমাধবদিয়ায় গ্রামের বাসিন্দা।
ফরিদপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খসরুজ্জামান দুলু বলেন, ২০১১ সালের ১৫ এপ্রিল স্ত্রী পেয়ারা বেগমকে বাবার বাড়ি সদর উপজেলার পূর্বরামকান্তপুর থেকে নিজের বাড়ি নিয়ে আসার কথা বলে রওয়ানা হন জসীম।
পরদিন পূর্বরামকান্তপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে পুলিশ পেয়ারা বেগমের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
এই ঘটনায় ১৭ এপ্রিল পেয়ারার ভাই আবুল কাশেম মণ্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
