কিশোরগঞ্জে ডাকাতের হামলায় কৃষক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ডাকাতের বল্লমের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত আমরুত মিয়া (৭০) পশ্চিম কুতুবপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে একদল ডাকাত আমাদের বাড়িতে হানা দেয়।
“এ সময় আমরুত ভাই ডাকাতদের চিনতে পেরে বিস্মিত হয়ে কথা বলে ওঠেন। তখন ডাকাতরা তাকে ধরে পিঠে বল্লম ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
তবে আমরুত মিয়া মারা যাওয়ার আগে কারও নাম বলতে পারেননি বলে জানান হাবীবুর রহমান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
