চাঁদপুরে পিকআপের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার এসআই সুধাংশু জানান।
নিহত মো. বোরহান উদ্দিন (১৮) ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামের আবদুল মালেকের ছেলে ও ফরিদগঞ্জের মুন্সীরহাট ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
এসআই বলেন, বোরহান উদ্দিন মোটরসাইকেলে করে হাজীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
