ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীর দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালিকচ্ছ ও নোয়াগাঁও গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্ত শাহরিয়ার জানান, দুপুরে কলিকচ্ছ বাজারে চুল কাটা নিয়ে স্থানীয় নাপিত দুলালের সঙ্গে নোয়াগাঁও গ্রামের সোহাগসহ কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়।
এর জেরে উভয়পক্ষের কয়েকশ লোক অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
