হবিগঞ্জে সিরিজ বোমা মামলার সাক্ষ্য গ্রহণ
হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবির প্রধানসহ ছয় আসামির উপস্থিতিতে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
রোববার হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক আফরোজা পারভীনের আদালতে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষীরা হলেন হবিগঞ্জ শহরতলির বহুলা গ্রামের ইউসুফ মিয়া ও ঢাকার পূর্ব বাসাবো এলাকার আনোয়ারুল করিম।
বাদীপক্ষের আইনজীবী আবদুল আহাদ ফারুক বলেন, এ সময় মামলার আসামি জেএমবির প্রধান সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়।
আদালত আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে জানান তিনি।
আদালতে উভয় সাক্ষী বলেন, ঘটনার সময় তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা দেখেননি।
আদালতে এ সময় স্থানীয় সাংবাদিক ও আইনজীবীসহ নাগরিক সমাজের লোকজন উপস্থিতিত ছিলেন।
সদর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশসহ হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা করে বলে জানান ওসি নাজিম উদ্দিন।
