২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক হচ্ছে দুর্গাপুর সীমান্ত

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত সদস্যরা সরে যাওয়ার পর এপারেও উত্তেজনা কমতে শুরু করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:59 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

শনিবার রাতে বিএসএফ সদস্যরা শক্তিবৃদ্ধি করে ‘সার্চ লাইট’ দিয়ে নজরদারি শুরুর পর আতঙ্কিত হয়ে যারা ঘরবাড়ি ছেড়ে সরে গিয়েছিলেন, তারা রোববার সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।  

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে সীমান্তের ওপারে বিএসএফ তাদের শক্তি কমিয়েছে। এরপর লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি।”

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি চালিয়ে একজনকে হত্যার পর গত শুক্রবার থেকে দুর্গাপুরে এই উত্তেজনা শুরু হয়।

বিজিবি ও এলাকাবাসীর ভাষ্য, বাংলাদেশিদের একটি দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের পিছু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় সাড়ে ৩০০ গজ ভেতরে দুর্গাপুর ইউনিয়নের চওরাটারী গ্রামে ঢুকে তারা গরু নিয়ে যেতে চাইলে বিএসএফ সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বাঁধে।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে চারটি গরু নিয়ে সীমান্তের ওপারে চলে যায়। তাদের গুলিতে পাঁচজন আহত হন, যাদের একজন পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর শনিবার সন্ধ্যার দিকে সীমান্তের ২২ নম্বর থেকে ২৭ নম্বর পিলার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় বিএসএফ বাংলাদেশের দিকে মুখ করে সার্চ লাইট জ্বালিয়ে টহল জোরদার করলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিএসএফ ফের বাংলাদেশের ভিতরে ঢুকতে পারে এই আশঙ্কায় এলাকার পুরুষরা লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় পাহারা দিতে শুরু করেন।

এই পরিস্থিতিতে সীমান্তের এপারে বিজিবিও রাতে টহল জোরদার করে বলে ছালেকুজ্জামান প্রামানিক জানান।