২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাই নদী দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

'বেআইনীভাবে নির্মাণাধীন' ভবন অপসারণ করে হবিগঞ্জের সোনাই নদী দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 01:26 PM

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বাপা নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করে নদীর ওপর সায়হাম ফিউটার কমপ্লেক্স নামে একটি ১০তলা ভবন নির্মাণ চলছে।

নদী রক্ষা কমিশন এবং নদী রক্ষা টাস্কফোর্সে 'দুর্নীতিবাজরা' থাকায় নানা কৌশলে ওই ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে মন্তব্য করে বাপা মহাসচিব আবদুল মতিন বলেন, 'এখন এটি বন্ধ করার একমাত্র পথ হিসেবে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।'

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নদী দখল করে ওই ভবন নির্মাণের আদ্যোপান্ত তুলে ধরেন বাপার যুগ্ম মহাসচিব শরীফ জামিল।

তিনি জানান, নদীর প্রবাহ বাধাগ্রস্ত করে ওই ভবন নির্মাণ শুরু হয় ২০১১ সাল থেকে। ২০১৩ সালে নদী রক্ষা টাস্কফোর্সের একটি সভা থেকেও এই স্থাপনা অপরাসণের পদক্ষেপ নিতে বলা হয়। এরপর অজ্ঞাত কারণে টাস্কফোর্সের আরেকটি সভা থেকে সেটা আইন মন্ত্রণালয় পাঠানোর সিদ্ধান্ত হয়।

এছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করে স্থাপনা এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি করা হয়।

কিন্তু ভবনের মালিকপক্ষের প্রভাবে ওই কমিটির প্রতিবেদনে নদী দখলের চিত্র উল্লিখিত হয়নি অভিযোগ করে শরীফ জামিল বলেন, নদী পরিদর্শনের সময় ভরা মৌসুম হলেও শুকনো মৌসুমে সেটা পরিদর্শন করতে যায় ওই কমিটি। এ কারণে কমিটিতে থাকা বাপা প্রতিনিধিসহ চারজন ওই কমিটির প্রতিবেদনে স্বাক্ষর করেননি।

নদী ভরাট করে ভবন নির্মাণ করা হলেও কমিটি ওই প্রতিবেদনে ভরাটের বিষয় উল্লেখ না করে শুধু জমির মালিকানার ওপর জোর দেয় বলে অভিযোগ তার।

ওই প্রতিবেদনের প্রেক্ষিতেই ২৯ মার্চ নদী রক্ষা টাস্কফোর্সের ২৮তম সভায় ওই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় বলে জানান শরীফ জামিল।

চার বছরে ভরা মৌসুমের চারটি ছবি সংবাদ সম্মেলনে দেখিয়ে তিনি বলেন, 'নদী আইন ও হাইকোর্টের রায়সহ সবগুলো আইন অনুযায়ী স্পষ্টতই এই ভবন নদীর ওপরে অবস্থান করছে।'

সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “আমরা সোনাই নদী দখল করে একটি ভবন নির্মাণ করার যতটুকু খোঁজখবর ও বিশ্লেষণ করেছি তাতে স্পষ্ট বুঝা যায়, আইন ভঙ্গ করে এটা নির্মাণ করা হচ্ছে। আবার যারা আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত তারাও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি।”

নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির বলেন, “সায়হাম কমপ্লেক্সের সঙ্গে আমাদের ব্যক্তিগত বিরোধ নেই। আমরা চাই, সমস্ত আইন-কানুন-বিধি লঙ্ঘন করতে চলা এই ভবন নির্মাণ বন্ধ হোক। এভাবে আইন লঙ্ঘন করে একটি ভবন যদি নির্মাণ হয়ে যায়, তাহলে আমাদের আইন, নীতি ও বিধিগুলো কিসের জন্য প্রণীত?”

বাপা মহাসচিব আবদুল মতিন বলেন, “প্রশাসনের ভেতরে ভূত থাকার কারণে সমস্ত আইনকানুন ভেঙে সোনাই নদীতে ভবনটি দ্রুত গতিতে নির্মাণ হয়ে যাচ্ছে। নদীর দখল মুক্ত করার সঙ্গে সঙ্গে প্রশাসনের ভিতরের ভূতগুলো দূর করতে হবে।”

ঢাকায় অবস্থানরত বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ ফাউন্ডেশনের সভাপতি সিএম তোফায়েল সামীও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।