মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জ সদরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আমিনুর রহমান।
হতাহত কারও নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১৫ জনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনাগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এনএনবি পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে সুরভী বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং আরেকটি বাস রাস্তার উপর উল্টে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে সুরভী পরিবহনের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।”
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের সাময়িক যান চলাচল আধঘণ্টা বন্ধ থাকে। পরে রাস্তায় পড়ে থাকা বাসটি সরানো হলে চলাচল স্বাভাবিক হয়।
