কারাগারেও বাড়তি নিরাপত্তা
দুই বিদেশি নাগরিক খুন হওয়ার প্রেক্ষাপটে দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।
বুধবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা সব সময়ই সতর্ক থাকি। তবে যেহেতু দুটি ঘটনা ঘটেছে, তাই আমরা সব কারাগারেই বাড়তি নিরাপত্তা নিয়েছি।”
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। এরপর ৩ অক্টোবর রংপুরে গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি।
এ দুই ঘটনার পর সারাদেশেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। গুলশানের কূটনৈতিক পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
দেশের কারাগারগুলোয় বিদেশি বন্দিদের বিষয়ে জানতে চাইলে মহাপরিদর্শক বলেন, দেশে মোট ৫১৪ জন বিদেশি বন্দি রয়েছেন; এর মধ্যে ৭৩ জন মুক্তির অপেক্ষায়।
দেশের ৬৮টি কারাগারে ‘রেড অ্যালার্ট’ জারির গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দ ইফতেখার বলেন, “এ ধরনের কোনো খবর আমার কাছে নেই। তবে আমরা সবসময়ই সতর্ক থাকি।”
‘বন্দি কল্যাণ ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে কারাবন্দিদের পুনর্বাসন’ বিষয়ক এই সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারে বিভিন্ন কাজে প্রশিক্ষণ নেওয়ার পর প্রায় আড়াই হাজার মানুষ গত দুই বছরে মুক্তির পর পুনর্বাসিত হয়েছেন।
পুনর্বাসিত ১৪ জনকে সংবাদ সম্মেলনে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।
