কবি উৎপল কুমার বসুর প্রয়াণ
বাংলার প্রখ্যাত কবি উৎপল কুমার বসু আর নেই।
শনিবার দুপুরে কলকাতার একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
কবির বয়স হয়েছিল ৭৬ বছর। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার ওই নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৩৯ সালে ভবানীপুরে জন্মগ্রহণ করেন উৎপল কুমার বসু। ১৯৫৬ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘চৈত্রে রচিত কবিতা’ দিয়ে বাংলা কাব্যজগতে আবির্ভূত তিনি।
বাংলা সাহিত্যে ‘স্থিতাবস্থা’ ভাঙার আওয়াজ তুলে ষাটের দশকের শুরুর দিকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই হাংরি আন্দোলনের সঙ্গে ছিলেন কবি উৎপল কুমার বসু। রোমান্টিকতার পথ ছেড়ে বস্তুবাদী পর্যবেক্ষণ হয়ে ওঠে তার কবিতার মূল উপজীব্য। স্বতন্ত্র কাব্যভাষা, প্রকাশভঙ্গি ও আঙ্গিকের জন্য পাঠকপ্রিয়তা পেয়েছিলেন উৎপল।
‘পিয়া মন ভাবে’ কাব্যগ্রন্থের জন্য ২০১৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান উৎপল কুমার বসু। ‘সুখ-দুঃখের সাথী’ কাব্যগ্রন্থের জন্য ২০০৬ সালে পান আনন্দ পুরস্কার।
‘বক্সিগঞ্জে পদ্মাপাড়ে’, ‘সলমা জরির কাজ’ প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
উৎপল কুমার বসুকে নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আর্টসে প্রকাশিত কবি রাহুল পুরকায়স্থর লেখা : প্রতিটি স্বপ্ন ছিল উদ্বেগের, ভয়াবহতার
