গাইবান্ধায় শিশু গুলিবিদ্ধ: এমপি লিটনের বিচার দাবিতে বিক্ষোভ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও সাংসদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর মেয়র মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে মানববন্ধনে অংশ নেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
এর আগে ভোরে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে সাংসদ লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ (৮) নামে এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়। সৌরভ দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে এবং গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় এমপির লোকজন শিশুটিকে হাসপাতালে নিতে বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ডান পায়ে একটি ও বাম পায়ে দুটি গুলির ক্ষত নিয়ে সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এমপি লিটন প্রায় প্রতিদিনই মাতাল অবস্থায় ভোরের দিকে বাড়ি ফেরেন। ঘটনার দিন ভোর ৬টার দিকে নিজের গাড়িতে করে সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গায় বাড়ি ফেরার পথে মাতাল অবস্থাতেই তিনি গোলাগুলিতে জড়িয়েছেন।
সৌরভের মা সেলিনা বেগম আঞ্চলিক উচ্চারণে বলেন, “হামার ছ্যোলটার এতো অক্ত (রক্ত) পড়ল। হামি এর বিচার চাই। ভোট দিয়্যা এমপি বানাছি, হামার ছ্যোলোক গুলি করার জন্যে! এমপি হোক আর যাই হোক, হামি ছ্যোলটেক গুলি মারার বিচার চাই।”
সৌরভের বাবা সাজু মিয়া জানান,ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে ফিরে তিনি এ ঘটনায় মামলা করতে চান।
সাংসদ লিটন এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এর মধ্যে গত মে মাসে মেজবাউল ইসলাম এবং শরীফুল ইসলাম নামে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ উপজেলার বামনডাঙ্গা কলেজ মাঠে অনুমোদন ছাড়া ‘অবৈধ’ একটি সার্কাস মঞ্চ ভাঙ্গতে গেলে সাংসদ লিটন তাদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
