২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙন প্রতিরোধের দাবিতে নৌকা মিছিল

গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্ন প্রতিরোধের দাবিতে নৌকা মিছিল করে প্রতিবাদ জানিয়েছে ভাঙ্ন কবলিত এলাকার লোকজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সদর উপজেলার ব্রহ্মপুত্র-ঘাঘট নদীর কামারজানি থেকে শহরের নতুন ব্রিজ ঘাট পর্যন্ত নৌকা নিয়ে সহস্রাধিক নারী-পুরুষ এ প্রতিবাদ জানায়।

ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনের আশ্বাসের পর এলাকাবাসী ফিরে যায় বলে জানান তিনি।

ওই কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানায়, গো-ঘাট, কামারজানি, গিদারি, মালিবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া এলাকায় নদী ভাঙ্ন প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়নি সরকার। ফলে গত সপ্তাহ থেকে গো-ঘাট গ্রামে ব্যাপক নদী ভাঙনে ইতোমধ্যে ৩০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে কামারজানিহাট বন্দর, গো-ঘাট গ্রামসহ কয়েকটি ব্যাংক, স্কুল, ডাকঘর, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে জানান তারা।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, বৃহস্পতিবার বিকালে রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান ওই এলাকা পরিদর্শন করেছেন।